প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১১:৫৮ এএম (ভিজিট : ১৩২)

X
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পিএসজি ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন বেশ জোড়ালো হয়েছে। সেই গুঞ্জন সরিয়ে এবার নতুন তথ্য দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। মেসিকে দলে ভেড়াতে এবার আকাশচুম্বী এক অংকের প্রস্তাব করেছে এই ক্লাবটি।
বিশ্বকাপজয়ী ফুটবলারের পেছনে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করবে আল হিলাল। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। দেশটির সংবাদমাধ্যম সৌদি গাজেত্তে আর ফুটবল বিষয়ক জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতেই এই তথ্য জানা যায়।
রোমানোর মতে, সৌদি প্রো লিগ বা মেজর লিগ সকার থেকে প্রস্তাব পেলেও অবশ্য ইউরোপেই থাকার ইচ্ছা মেসির। যার কারণ হিসেবে তিনি বলছেন, লিওনেল মেসি আর্জেন্টিনার থ্রি স্টার জার্সি পরে আগামী বছর কোপা আমেরিকায় অংশ নিতে চান।
এদিকে সাম্প্রতিক সময় লিও মেসির বার্সায় ফেরার গুঞ্জন নতুন মোড় নিয়েছে। ক্লাবটির সহসভাপতি রাফা ইয়সতে বলেছেন, "তার ফিরে আসাটা ভালো লাগবে। আমরা তাদের (পিএসজি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি।" এছাড়াও বার্সা কোচ জাভি বলেছেন, মেসির ‘শেষ নাচ’টা তিনি বার্সাতেই দেখতে চান। এই দুই মন্তব্যের পর মূলত মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনার পালে নতুন করে হাওয়া লাগে।
বাবু/পিকু