প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১:২০ পিএম (ভিজিট : ১৩৬)

X
ভারতের মাটিতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের এখনও চার মাস বাকি। তবে সেখানে টাইগারদের দল কেমন হতে পারে তা নিয়ে এখন থেকেই গরম ক্রিকেটপাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে বিসিবি পরিচালক ও সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যেই গণমাধ্যমকর্মীর মুখোমুখি হোন না কেন সবাইকেই এখন কথা বলতে হচ্ছে বিশ্বকাপ দল নিয়ে।
আসন্ন বিশ্বকাপে কেমন দল হতে পারে তা নিয়ে গত বৃহস্পতিবার (১৮ মে) বিসিবি সভাপতি মিরপুরে গণমাধ্যম কর্মীদের কিছুটা ধারণা দিয়েছেন। কিন্তু আসন্ন বিশ্বকাপ দল গঠনের সবচেয়ে বড় দায়িত্ব যার ওপর, সেই নান্নু এখন এ নিয়ে কথা বলতে নারাজ। সাবেক এই অধিনায়কের দাবি, বিশ্বকাপ দল নিয়ে নাকি এখনো কিছু ভাবছেনই না তারা। আপাতত আসন্ন সিরিজ গুলো নিয়েই চিন্তা ভাবনায় রয়েছেন তারা।
এ প্রসঙ্গে গতকাল শুক্রবার (১৯ মে) নিজের বাসায় সাংবাদিকদের নান্নু বলেন, ‘আমার মনে হচ্ছে আমরাই এক মাত্র দল যাদের এখন থেকেই বিশ্বকাপের দল গঠন নিয়ে আলোচনা চলছে। আপনাদের এটাও দেখতে হবে ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে, এগুলোর পর ফিটনেস, পারফরম্যান্সসহ আরো কিছু রয়েছে যা দেখে বিশ্বকাপ দল গঠন করতে হবে। সুতরাং এটা (বিশ্বকাপ দল গঠন) নিয়ে এখন আমরা এখন চিন্তা ভাবনা করছি না, এখন আমরা আফগানিস্তান সিরিজে আছি এটা নিয়েই এগোচ্ছি, আর তা নিয়েই চিন্তা ভাবনা করছি।’
তিনি আরও বলেন, ‘চারদিকে কী কথা হচ্ছে তা নিয়ে ভাবছি না এখনো চার মাস সময় রয়েছে। আমাদের এখন আফগানিস্তান সিরিজ রয়েছে সামনে। ব্যাক টু ব্যাক সিরিজ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আফগানিস্তান সিরিজে তিনটা ফরম্যাটেই আমরা খেলব। আর এটা নিয়েই আমরা দল গুছানোর কাজ করছি। সুতরাং বিশ্বকাপ নিয়ে এখন আমি কিছু বলতে পারবো না।’
প্রসঙ্গত, জুনের ১০ তারিখ আফগানিস্তান দল ঢাকায় পৌঁছাবে। মিরপুরের শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ১৪ জুন। এই টেস্ট খেলে ভারত চলে যাবে আফগানিস্তান। এরপর ১ জুলাই পুনরায় বাংলাদেশ সফরে আসবে তারা। জুলাইতে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল।
বাবু/জেএম