প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ২:৩৬ পিএম (ভিজিট : ১৭০)

X
এ মাসে এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ জুন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের বেইজিং শহরে। এ ম্যাচকে সামনে রেখে শনিবার (১০ জুন) চীনে পৌঁছেছে মেসি বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, মেসিদের বরণ করতে বেইজিং বিমানবন্দরে দর্শকদের বড় একটি দল হাজির হয়েছিলেন। এই সময় তার সঙ্গে ছিলেন আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনা। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া ভিডিওতে দেখা যায়, তারা দ্রুত বিমান থেকে নেমে বাসে ওঠে যান।
এর আগেই আর্জেন্টাইন স্কোয়াডে যোগ দিয়েছিলেন নিকোলাস ওটামেন্ডি ও ক্রিস্টিয়ান রোমেরো। তবে আরও বেশ কয়েকটি ছবিতে আর্জেন্টিনার স্কোয়াডে থাকা অন্যান্য ফুটবলারদের বিমানবন্দরে থেকে বের হতে দেখা যায়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে বলছে, আজই একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলটির কোচ লিওনেল স্ক্যালোনির।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। এরপর ইন্দোনেশিয়ার উদ্দেশে উড়াল দেবে কাতার বিশ্বকাপ জয়ীরা। সেখানে গেলোরা বুং স্টেডিয়ামে ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন মেসিরা।
-বাবু/ সাদরিনা