প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৩:২৮ পিএম (ভিজিট : ১২৪)

X
সাকিব আল হাসান বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই অধিনায়ক। যদিও বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব নিজেই বলেছিলেন, বিশ্বকাপের পরই অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আস্থা রাখছে সাকিবের উপর। তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক সিহেবে দেখতে চায় বিসিবি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানে তিনি বলেছেন, সাকিবকেই তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে দেখতে চায় বোর্ড। এছাড়াও আলোচনায় রয়েছে তামিম ইকবাল ইস্যুও। জালাল ইউনুস জানিয়েছেন, তামিমের ভবিষ্যৎ জানা যাবে জানুয়ারিতে।
জালাল ইউনুস বলেন, 'আমরা এখন শান্তকে অধিনায়ক দিয়েছি দেখার জন্য। সামনের দুই সিরিজের জন্য সে অধিনায়কত্ব করবে। সাকিবকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে আপনারা জানেন। তো সে আমাদের তিন ফরম্যাটেরই অধিনায়ক। সাকিব (ইনজুরি থেকে) আসলে সেই আমাদের অধিনায়ক থাকবে। আমরাও চাই সে সব ফরম্যাটে অধিনায়ক থাকুক।'
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আরও বলেন, 'একটা সময় অবশ্যই আসবে যখন সাকিব খেলা ছেড়ে দিবে। আসতে আসতে হয়তো কোন ফরম্যাট কমিয়ে দিবে। এখন আমাদের হাতে শান্ত আছে, মিরাজ আছে। এদের আমরা সম্ভাব্য অধিনায়ক বলে থাকি। আমার মনে হয় এই দুইজনের বাংলাদেশকে লিড করার সক্ষমতা আছে।'
সাকিব বিশ্বকাপের আগে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর দায়িত্বের চাপ নিতে চান না সাকিব। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেঁটে ফেলায় বোর্ডের চাওয়া, সাকিব যেন তিন ফরম্যাটেই নেতৃত্ব দেন দলকে।