রমজানে পণ্যের বাজার সহনীয় রাখতে ভোক্তা অধিকারের সভা

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
রমজানে পণ্যের বাজার সহনীয় রাখতে ভোক্তা অধিকারের সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৭ PM (Visit: 439)

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে  পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পাইকারী ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান(গ্রেড-১)।

সভায় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, পরিচালক(অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো: শরিফুল হক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) দীনেশ সরকার, কৃষি বিপনন অধিদপ্তরের সহকারী পরিচালক ইশরাত জাহান, এফবিসিসিআইয়ের যুগ্ম মহাসচিব মোঃ সাখাওয়াত হোসেন খান, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি, মীনা বাজারের প্রতিনিধি, ডেইলি শপিং এর প্রতিনিধি, বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি, ইউনিমার্ট লিমিটেড এর প্রতিনিধি, প্রিন্স বাজার লিমিটেড এর প্রতিনিধি, আগোরা লিমিটেড এর প্রতিনিধি, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এর প্রতিনিধি, এসিআই লজিস্টিকসের প্রতিনিধি, কারওয়ান বাজার ইসলামিয়া সমিতির প্রতিনিধিসহ ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পাইকারী ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিগণ।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে খেজুর, মশলা ও ভোজ্যতেল ছাড়া অন্যান্য পণ্যসমূহ নিয়ে তেমন কোনো উদ্বেগের কারণ নেই বলে সভার আলোচনায় সকলে একমত পোষণ করেন। এছাড়াও উল্লিখিত ০৩ (তিন) টি পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক  রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলাদাভাবে সভার আয়োজন করা হবে। ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সাথে আগামী বুধবার সভা আয়োজন করা হবে বলে তিনি জানান। 

সভায় অধিদপ্তর কর্তৃক পরিচালিত মনিটরিং কার্যক্রম আসন্ন রমজান মাসে দ্বিগুণ করার কথা বলা হয়। সে প্রেক্ষিতে মহাপরিচালক জানান, বর্তমানে সারাদেশে প্রতিদিন অধিদপ্তরের প্রায় ৩০ টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। আসন্ন রমজানে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করে প্রতিদিন প্রায় ৬০ টি টিম কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। 

তিনি আরও জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শুল্ক হ্রাস, এলসি খুলতে সহযোগিতা করা, ব্যাংকিং সাপোর্ট প্রদানসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত রেখেছে। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করার পাশাপাশি চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় রাখতে সভায় উপস্থিত ব্যবসায়ীসহ সকলে একমত পোষণ করেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ীর পাশাপাশি ভোক্তা-সাধারণ এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।  তিনি সকলের সহযোগিতায় বাজারে সহনীয়, স্বস্তিকর ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy