আদাবরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক পুলিশসদস্য গুরুতর আহতের ঘটনায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ১০২ জনকে আদালতে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন আদবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া।
ওসি বলেন, সোমবার রাতে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১০২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত রাতে আদাবর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর ভয়াবহ হামলা চালায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে আল-আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আদাবর থানার এ সদস্য এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তারা ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে ভয়াবহভাবে জখম করে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, সোমবার রাতে জরুরি সেবা ৯৯৯ এ দুপক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় একটি গাড়ি নিয়ে যায়। আল আমিন গাড়ির কাছে ছিলেন। এসময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নড়েচড়ে বসেন। আদাবর এলাকায় এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে শুরু হয় যৌথ অভিযান। অভিযানে কিশোর গ্যাংয়ের ১০২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।