রাতভর ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীসহ দেশের

2025-11-17T10:41:37+00:00
2025-11-17T10:41:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাতভর ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৪১ এএম   (ভিজিট : ৮৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরিবেশ উপদেষ্টার বাসার সামনে, এনসিপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণসহ বাড্ডা ও কেরানীগঞ্জে অগ্নিসংযোগ খবর পাওয়া গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা চালানো হয়েছে।

রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসা উদ্দেশ করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। খবর পেয়েই ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী ও বোমা স্কোয়াডের সদস্যরা।

একই সময় বাংলামটরে রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনেও ঘটে ককটেল বিস্ফোরণ। এ সময় উপস্থিত জনতা ধাওয়া দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেগুনবাগিচায় কর অঞ্চল-১০ এর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাছাকাছি সময়ে দারুসসালাম থানার রোজিনা পেট্রোল পাম্পের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

মোটরসাইকেলে এসে মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ করা হয়। এর আগে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনেও বোমাবাজির ঘটনা ঘটে।

এ ছাড়া ফার্মগেটে রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করে পালায় দুষ্কৃতকারীরা।

রোববার দিবাগত রাত ২টার দিকে মহাখালী এলাকার তিতুমীর কলেজের গেটের সামনের রাস্তায় ও আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাতে এক ব্যক্তি কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখার নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন টের পেয়ে দ্রুত আগুন নেভায়। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

একই রাতে মোটরসাইকেলে এসে কয়েকজন পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এসে গাছ কেটে রাস্তা অবরোধ করলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে।

রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেন তারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে তিনজন লোক ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের জানালা ভেঙে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুই দফায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাগর ও নবীন নামে দুই রিকশাচালক আহত হয়েছেন। জানা গেছে, রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এদিকে, কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা যানবাহনে আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার বিকেলে বেতার বার্তায় মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।




  বিষয়:   ককটেল  রাজধানী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy