প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম (ভিজিট : ১১১)

X
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আরও আতপ চাল আনা হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মূল্যস্ফীতি বাড়ার বিষয়ে সরকার কী করছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ৫০ হাজার টন চাল আনছি তো। যত তাড়াতাড়ি পারি… হয়তো আমরা দাম কমিয়ে নিয়ে আসব।”
প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৫১ দশমিক ১১ ডলার। এতে ব্যয় হবে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
গত ২৪ নভেম্বরও ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ভারতের চাল আমদানির কথা বলেছিলেন অর্থ উপদেষ্টা।
সেদিন সিঙ্গাপুরের এক সরবরাহকারীর মাধ্যমে চাল আনার কথা জানিয়েছিলেন তিনি। আন এবার আনা হচ্ছে ভারতীয় কোম্পানির মাধ্যমে।
কোন দেশ থেকে চাল আসবে জানতে চাইলে সেদিন উপদেষ্টা বলেন, নন-বাসমতি চালটা ভারত থেকে আসবে। এটা (মূল্য) তো প্রতিযোগিতামূলক। সরবরাহকারী কিন্তু সিঙ্গাপুরের। কারণ আমরা তো আর বলব না যে ভারত থেকে আনবেন না, থাইল্যান্ড থেকে আনবেন না, মিয়ানমার থেকে আনবেন না। আমরা মান, সময়মতো সরবরাহ আর দামটা দেখেছি।
এর আগে, সোমবারের বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে এলএনজি ও সার আমদানির অনুমোদনও রয়েছে। দুই লটে ৮০ হাজার টন সার এবং সার সংরক্ষণে নওগাঁ ও বগুড়ার গুদাম নির্মাণে ক্রয় প্রস্তাব অনুমোদন মেলে সভায়।
এছাড়া স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নেয় সরকার। প্রতি এমএমবিটিইউ এলএনজি কেনায় খরচ হবে ৯ দশমিক ৯৯ ডলার।