প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম (ভিজিট : ২৫৮)

X
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের সমন্বয়ে চালানো এ অভিযানে মোট ৪৪০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৮০ হাজার টাকা।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। কাস্টমস সূত্র জানায়, এর কিছুক্ষণ আগে রাত ৯টা ৫২ মিনিটে দুবাই থেকে আগত একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিকে ঘিরে সন্দেহভাজন ব্যাগেজ তল্লাশির সময় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মিনহাজুল করিম সজীব নামে এক যাত্রীর লাগেজ থেকে ২০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
একই সময় আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আরও ২৪০ কার্টুন বিদেশি সিগারেট শনাক্ত করে জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ফলে অভিযানে মোট উদ্ধারকৃত সিগারেটের সংখ্যা দাঁড়ায় ৪৪০ কার্টুনে।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা সিগারেটের বিপরীতে মোট ২৯ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যাত্রীর ব্যাগেজে পাওয়া ২০০ কার্টুন সিগারেট থেকে রাজস্ব ধরা হয়েছে ৭ লাখ টাকা এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ২৪০ কার্টুন সিগারেট থেকে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। একইভাবে লাগেজ বেল্ট থেকে উদ্ধার করা পরিত্যক্ত সিগারেটের চালানও কাস্টমসের জিম্মায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।