
"প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আলিম।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যতে বলেন, সমাজের দারিদ্র্য-পীড়িত, প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে সমাজসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করা জরুরি। একই সঙ্গে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ের মাধ্যমে টেকসই সমাজসেবা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রদান, পুনর্বাসন কার্যক্রম, প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সমাজসেবার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমাজসেবা অফিসের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।