প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ৫৬)

X
"প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুদ্দিন ও পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সঞ্জিব চন্দ্রসহ আরও অনেকে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসাইন বলেন, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, পুনর্বাসন, প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য কাজ করলে একটি ন্যায়ভিত্তিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসাই সমাজসেবার প্রধান লক্ষ্য। সমাজসেবা কার্যক্রম শুধু সহায়তা প্রদান নয়, বরং মানুষকে আত্মনির্ভরশীল করে তোলার একটি টেকসই উদ্যোগ। উপজেলা পর্যায়ে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন ভাতা প্রদান, প্রশিক্ষণ, পুনর্বাসন ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সমাজসেবা দিবস হোক আমাদের দায়িত্ববোধ ও সহমর্মিতার নতুন শপথের দিন।
পরে শ্রেষ্ঠ মাতৃকেন্দ্র সম্পাদিকা ইয়াছমিন আকতার ও শ্রেষ্ঠ গ্রাম কমিটি সভাপতি মোহাম্মদ হাসানকে সম্মাননা স্মারক এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।