প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : ১৩২)

X
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা—আজ সমাজসেবায়” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ ডিসেম্বর বিকেলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের বিজয় কক্ষে জাতীয় সমাজসেবার লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আসিক কবির।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুর আমিন এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাতা সুবিধাভোগী অনিল বালা বলেন, সমাজসেবা অধিদপ্তরের ভাতা নিয়মিত পাওয়ায় তাঁর পরিবারের আর্থিক স্বচ্ছলতা বেড়েছে। অন্যদিকে সমাজসেবার ক্ষুদ্রঋণ কার্যক্রমের গ্রাহক তন্ময় মণ্ডল জানান, সমিতির মাধ্যমে পাওয়া ঋণ সদস্যদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।
সভায় সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ জানান, মুকসুদপুর উপজেলায় বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৩৬ হাজার ৪২০ জন বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও অন্যান্য শ্রেণির ভাতা সুবিধাভোগী রয়েছেন। তারা তিন মাস অন্তর নিজ নিজ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার অর্থ গ্রহণ করছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারে এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবার কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন।