প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম (ভিজিট : ৬৫)

X
সাতক্ষীরার কলারোয়ায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় কলেজছাত্রী সুরাইয়া খাতুন (১৮) নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। তিনি কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুরাইয়া খাতুন একটি ইজিবাইকে করে কলারোয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে সকাল ৯টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মাটি ভর্তি ট্রলি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে যান। এরপর মাটি ভর্তি ট্রলিটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ওসি এইচ. এম. শাহীন সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।