চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পড়ে মো. রিয়াদুল হক (২২) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রোববার (৪ ডিসেম্বর) বিকেল আনুমানিক চারটার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর–সংলগ্ন রি-রিসোর্স ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিক মো. রিয়াদুল হক কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের বাসিন্দা মো. হেলালের ছেলে। তিনি রি-রিসোর্স গ্রুপে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পরপরই তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও সোমবার (৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে।