প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ৪৬)

X
কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করলে পার পাবে না। অপারেশনের ফলাফল মিডিয়ায় প্রকাশ করা হবে, যাতে অপকর্মীদের উৎসাহিত হওয়ার সুযোগ না থাকে।
চট্টগ্রাম সার্কিট হাউসে মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিশেষভাবে নজরদারি করতে হবে, কারণ অতীতে নির্বাচনের সময় কিছু স্বার্থান্বেষী মহল তাদের ব্যবহার করেছে।
ইসি বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও আইনসম্মত পরিবেশে আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের সঞ্চালন ও সন্ত্রাসীদের প্রভাবও লক্ষ্য রাখতে হবে। তিনি জানালেন, জুলাইয়ের অভ্যুত্থানের পর আনুমানিক ৮৫% অস্ত্র উদ্ধার করা গেলেও প্রায় ১৫% অস্ত্র এখনও মাঠে রয়েছে। হারিয়ে যাওয়া গোলাবারুদের মধ্যে ৭০-৭৫% উদ্ধার হয়েছে, বাকিটা এখনও অনুসন্ধানের বাইরে।
রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। রোহিঙ্গাদের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ ছাড়া নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে আসা অস্ত্র ক্যাম্পে প্রবেশ করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার নাজির আহমদ খাঁন।