প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম (ভিজিট : ৫৬)

X
সাতক্ষীরার শ্যামনগরে শেখ আব্দুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী এলাকায় ঘটনাটি ঘটে। এসময় দুর্বৃর্ত্তদের হামলায় আব্দুর রহমানের গাড়ী চালক গোলাম মোস্তফাসহ সহযোগী ইসরাফিল হোসেন আহত হয়। স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহতদের পক্ষ থেকে শ্যামনগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
গুরুতর আহত আব্দুর রহমানের ছেলে মামুন হোসেন জানান তার পিতা চিংড়ি ঘেরের বাসা নির্মাণের কাজ তদারকি করছিলেন। আকস্মিকভাবে দুবৃত্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত চিংড়ি ঘেরে হামলা চালায়। এসময় প্রাণভয়ে তার পিতা দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। তাকে রক্ষা করতে যেয়ে গাড়িচালক মোস্তফাসহ শ্রমিক ইসরাফিলও হামলার শিকার হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাঃ শাকির হোসেন জানান আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথা, হাত ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক ক্ষত হওয়া আব্দুর রহমানের অবস্থা গুরুতর।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান ভুক্তোভোগীর লিখিত এজাহার পাওয়া গেছে। ইতিমধ্যে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে রোগীর অবস্থা পর্যবেক্ষন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।