নীলফামারীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী জেলা এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবিএম মনজুরুল আলম সিয়াম ও সদস্য সচিব মো. আক্তার হোসেন বলেন, বিইআরসি কর্তৃক নির্ধারিত মূল্যের সঙ্গে বিভিন্ন কোম্পানির নির্ধারিত মূল্যের অসামঞ্জস্যতা রয়েছে। এ সময় তারা মোবাইল কোর্ট পরিচালনা বন্ধেরও আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামছুল ইসলাম এবং কৃষি বিপণন কেন্দ্রের বাজার মনিটরিং কর্মকর্তা এরশাদ আলম খান।
এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সদস্য ও ওমেরা গ্যাস ডিলার বুলু জানান, দেশে নিবন্ধিত ৩৪টি কোম্পানির মধ্যে বর্তমানে মাত্র চার থেকে পাঁচটি কোম্পানি নিয়মিত গ্যাস সরবরাহ করছে। তবে সংকটের মধ্যেও নীলফামারীতে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।