প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম (ভিজিট : ১২৫)

X
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী স্লিপার বাস ও গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসটির সুপারভাইজার নাহিদ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার উজিরপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী শ্যামলী পরিবহনের স্লিপার বাসটি মহাসড়কে চলন্ত অবস্থায় সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নাহিদসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হয়।
নিহত নাহিদ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কান্তি সাহা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।