প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ এএম (ভিজিট : ১২৬)

X
গণভোটের প্রচার কার্যক্রম জোরদার ও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
এতে সভাপতিত্ব করেন জনাব মো: আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।
সভায় গণভোটকে ঘিরে জেলার সার্বিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং সরকারি দপ্তরসমূহের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে জেলা পর্যায়ের সকল দপ্তরকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি দপ্তরসমূহের মাধ্যমে তথ্যভিত্তিক প্রচার, সচেতনতামূলক কার্যক্রম এবং মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে ভোটারদের মধ্যে আস্থা ও আগ্রহ বৃদ্ধি পাবে। বিশেষ করে তরুণ ভোটার, নারী ভোটার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় উপস্থিত দপ্তর প্রধানরা গণভোটের প্রচার কার্যক্রমে তাদের নিজ নিজ দপ্তরের সম্ভাব্য ভূমিকা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় তুলে ধরেন। সভা থেকে গণভোটকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, সংশ্লিষ্ট সকল দপ্তরের সক্রিয় সহযোগিতায় গোপালগঞ্জ জেলায় গণভোটের প্রচার কার্যক্রম আরও বেগবান হবে এবং ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।