
X
প্রতীক বরাদ্দের পর উন্নয়ন, ঐক্য ও মানবিক রাজনীতির ডাক–বিজয় নিশ্চিতে তৃণমূলে জোর প্রস্তুতি নিয়েছেন ময়মনসিংহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার হয়েছে। বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার তাঁর কাঙ্ক্ষিত ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন।
প্রতীক পাওয়ার পর তিনি এলাকার উন্নয়ন-দর্শন ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে বলেন, রাজনীতি তাঁর কাছে ক্ষমতার মোহ নয়–এটি মানুষের সেবার পবিত্র দায়িত্ব। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করাই তাঁর প্রধান লক্ষ্য। শিক্ষিত সমাজ গড়ে তুলে ফুলপুর-তারাকান্দাকে আধুনিক, সমৃদ্ধ ও দেশের রোল মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মোতাহার হোসেন তালুকদার বলেন, “ধানের শীষ বিজয়ী হওয়া মানেই উন্নয়নের চাকা সচল হওয়া। উন্নয়নের প্রশ্নে কোনো দল-মত নেই–প্রয়োজন কেবল ঐক্য ও সম্প্রীতি। এই মাটির সন্তান হিসেবে আমি ভালোবাসা নিতে এসেছি, আর বিনিময়ে মানুষের মুখে হাসি ফোটাতে চাই।”
বিজয় নিশ্চিত করতে তৃণমূলে জোর প্রস্তুতি
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রতীক বরাদ্দের আগেই মাঠে সক্রিয় ছিলেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রামে গ্রামে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ সংবলিত লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি ও তাঁর নেতাকর্মীরা।
ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, “বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠেছে। প্রতিটি ঘরে পৌঁছে ভোট নিশ্চিত করতে হবে। বসে থাকার সময় নেই–এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে হবে।”
ত্যাগ ও মানবিকতার প্রতিচ্ছবি
দলীয় নেতাকর্মীদের মতে, বিএনপির দুর্দিনে মোতাহার হোসেন তালুকদার ছিলেন এক অবিচল কাণ্ডারি। রাজনৈতিক প্রতিহিংসা, মামলা-হামলার মুখেও তিনি নেতাকর্মীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। মানবিক কর্মকাণ্ডে–ব্যক্তিগত অর্থায়নে অসহায়দের ঘর নির্মাণ, মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব নেওয়া, ক্যান্সার রোগীদের চিকিৎসা ব্যয় বহন–এলাকার মানুষের হৃদয়ে তিনি বিশেষ স্থান করে নিয়েছেন।
ভোটারদের প্রত্যাশা
সরেজমিনে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সৎ, যোগ্য ও উচ্চশিক্ষিত জনপ্রতিনিধি চান। কৃষক এখলাস উদ্দিন বলেন, “বিপদে-আপদে যেভাবে তিনি মানুষের পাশে থাকেন, তাতে আমাদের বিশ্বাস–সংসদে তিনিই ফুলপুর-তারাকান্দার গণমানুষের কণ্ঠস্বর হবেন।”
রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত
নির্বাচন অফিস সূত্র জানায়, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিসের শেখ মতিউর রহমান ও জামায়াতে ইসলামীর আনোয়ার হাসান সুজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে প্রতিযোগিতার সমীকরণ সহজতর হয়েছে। ধানের শীষ প্রতীক বরাদ্দের পর মোতাহার হোসেন তালুকদারের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা আগামী নির্বাচনে ফুলপুর-তারাকান্দার রাজনৈতিক দৃশ্যপট বদলে দিতে পারে–এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।