প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম (ভিজিট : ১৩৭)

X
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে পরিণত হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, বড় বড় গর্তের কারণে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলের চলাচল প্রায় অচল। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ও রোগী বহনকারী যানবাহনের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বোয়ালিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, রাস্তার এমন বেহাল দশার কারণে ক্রেতাদের আসা-যাওয়া কমে গেছে। এতে করে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বিভিন্ন সময় প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয়দের একটাই দাবি—বোয়ালিয়া বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হোক, যাতে জনদুর্ভোগ লাঘব পায়।