প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম (ভিজিট : ৬৬)

X
আমতলী উপজেলার কুলইরচর গ্রামে আগুন পোহাতে গিয়ে আলী আকবর চৌকিদার (১০৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলী আকবর চৌকিদার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিন চৌকিদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শীতের তীব্রতা থেকে বাঁচতে প্রায়ই তাকে ঘরের বাইরে খড়কুটার আগুন পোহাতে হতো।
শনিবার রাতে তিন দফায় আগুন পোহান তিনি। সর্বশেষ রাত তিনটার দিকে তার মেয়ে নার্গিস বেগম খড়কুটার আগুন জ্বালিয়ে বাবাকে সেখানে বসিয়ে পাশে যান। কিছুক্ষণ পর ফিরে এসে টর্চলাইট জ্বলতে দেখলেও বাবাকে সেখানে না পেয়ে তার সন্দেহ হয়। এ সময় তার ডাক-চিৎকারে স্বজনরা ঘর থেকে বের হন। পরে আগুনের পাশে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে আলী আকবর চৌকিদারের শরীর ঝলসে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে নার্গিস বেগম বলেন, শীতের কারণে বাবাকে সুস্থ রাখতে ঘরের বাইরে আগুন পোহাতে হতো। রাতে আগুন জ্বালিয়ে পাশে যাওয়ার পর ফিরে এসে বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে দেখি আগুনে পুড়ে বাবার শরীর ঝলসে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।