আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ড. ছৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনী কুশল বিনিময় করেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন এবং নিজের নির্বাচনী বার্তা তুলে ধরেন। প্রচারণায় বাজার ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
গণসংযোগকালে ড. ছৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, জনগণের অধিকার ও ন্যায্য ভোট প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।
এ সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিজনেস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মুস্তাফিজুর রহমান মাসুদ, যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য নিলয় আহমেদ, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুহা. মহি উদ্দিনসহ উপজেলা ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।