
X
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, কুমিল্লায় ২০০০ সাল থেকে ইপিজেড আছে এটা তিনি জানেন না, তারা কুমিল্লায় ইপিজেড নির্মাণ করতে চাচ্ছেন। আমাদের আহবান থাকবে আপনারা ১৭ বছর লন্ডনে ছিলেন, তাই বাংলাদেশকে আগে চিনেন। আগে বাসের ভিতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি হেটে দেখুন এবং বাংলাদেশকে চিনেন।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথযাত্রায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মাঝে মাঝে শুনি কোন কোন গ্রামে কয়টা পুকুর আছে তারা নাকি জানেন। অথচ কুমিল্লায় ইপিজেড আছেন এটা তারা জানেন না। আগে বাংলাদেশকে চিনুন, তারপর আমরা ভরসা করতে পারবো আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না।
আসিফ মাহমুদ বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আশা নেতৃত্ব, আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের মেন্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহনে শক্তিশালী শেখ হাসিনাকে বিতারিত করার নেতৃত্ব। আমরা জানি বাংলাদেশের মানুষ কি চায়। অথচ উনারা বাংলাদেশের যেখানে যাচ্ছেন তাদের ভিন্ন ভিন্ন কার্ড দেওয়ার কথা বলছেন। কোথাও ফ্যামিলি কার্ড, কোথাও শ্রমিক কার্ড, কোথাও কৃষক কার্ড। যেখানে পৃথিবী এতদূর এগিয়ে যাচ্ছে, একটি স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা যায়। সেখানে শতশত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার পরিকল্পনা দেখছি আমরা। আপনারাতো কার্ড দিবেনে বলেছেন, এক সাথে এটাও আমাদের বলেন একটি কার্ড নেওয়ার জন্য কত টাকা চাঁদা দিতে হবে আমাদের।
তিনি আরো বলেন, আগামী বাংলাদেশ কেমন হবে তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে। ৫ আগষ্ট সৈরাচারী হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে একবার নির্ধারণ হয়েছে। ১২ ফেব্রুয়ারি জনগনের ভোটাধিকার প্রোয়োগের মধ্যদিয়ে আগামী বাংলাদেশ কেমন হবে এর একটি রূপরেখা আমরা পাবো। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণূ একটি স্থানে দাড়িয়ে আছি। শুধু দেবিদ্বার উপজেলায়ই ১১জন ভাই শহীদ হয়েছেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার জন্য। এখন সময় এসেছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ইউছুফ হাকিম সোহেল, দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলস, দেবিদ্বার পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ জাকির হোসেন প্রমুখ।