প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম (ভিজিট : ২৫৯)

X
চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন, যা ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সমর্থন জানাচ্ছেন, আবার কেউ বিরোধিতা করছেন।
রাতে নিজের ফেসবুক পোস্টে নাজিমুর রহমান লেখেন, গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে। গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোট দিন।
এ বিষয়ে জানতে চাইলে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন নাজিমুর রহমান।
তিনি জানান , ‘“হ্যাঁ” ভোট দিলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরও ছয় মাস অপেক্ষায় থাকতে হবে। এতে বর্তমান অন্তর্বর্তী সরকার ছয় মাস অতিরিক্ত সময় পাবে। অথচ তারা মানুষের আস্থা হারিয়েছে। এর ফলে জনগণের ভোটে নির্বাচিত দল সময়মতো ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এসব বিষয় বিবেচনা করেই তিনি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নাজিমুর রহমান বলেন, এটি তার ব্যক্তিগত মতামত, দলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।