প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম (ভিজিট : ১৪৭)

X
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং এর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাজধানী ঢাকার মুগদা এলাকার আরিফ ও ফরিদপুরের মামুন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেয়টখালী এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মোটরসাইকেলটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীনগর কেয়টখালী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।