প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ৪৮)

X
শীর্ষ মাদক কারবারি রাসেল হাওলাদার
বরগুনার আমতলী উপজেলায় গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ ঝটিকা অভিযানে চিহ্নিত শীর্ষ মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার নিজ বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোসা নীচকাটা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জালজালালী ওয়াল ইকরামের নেতৃত্বে আমতলী নৌবাহিনী কন্টিনজেন্ট অভিযানে অংশ নেয়।
নৌবাহিনী সূত্র জানায়, মৃত বারেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে একজন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। অভিযানে তার বসতবাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, আটককৃত রাসেলের বিরুদ্ধে আমতলী থানায় পূর্বে তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের অবাধ বিস্তার ঘটিয়ে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন।
পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়। থানা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নৌবাহিনীর ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযানে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আমতলী থেকে মাদক নির্মূলে বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে।