
X
ছাতক পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষের পক্ষে আলোচনা সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় দক্ষিণ বাঘবাড়ি এলাকায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। সভা পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ মাহমুদ মনির।
প্রধান অতিথির বক্তব্যে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু বলেন, সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন একজন সুশিক্ষিত, ভদ্র ও পরীক্ষিত রাজনীতিবিদ। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য হিসেবে মিলন ছাতক-দোয়ারাবাজারে শিল্পকারখানা স্থাপন, সড়ক উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা গত ১৫ বছরে হওয়া উন্নয়নের তুলনায় অনেক বেশি। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ধানের শীষ বিজয়ী হলে সুনামগঞ্জ-৫ আসনে মন্ত্রিত্ব আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন।
অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের কন্যা মৌ আহমেদ। তিনি বলেন, “আপনারা আমার বাবাকে বারবার সংসদে পাঠিয়েছেন। তিনি আপনাদের পরীক্ষিত নেতা। গত ১৭ বছর নানা নির্যাতনের শিকার হলেও তিনি আপনাদের ছেড়ে যাননি। এখন যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে আবারও ধানের শীষে ভোট দিয়ে তাঁকে জনগণের সেবা করার সুযোগ করে দিন।”
তিনি আরও বলেন, তাঁর বাবা জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণে উৎসর্গ করতে চান। বিশেষ করে নারী ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন মিলনের জামাতা আবিদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মাহমুদ, দিলীপ কুমার দাস, কেশব দাস, নীরু বর্ধন, যুবদল নেতা ইমরান হোসেন, ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব চন্দ্র পাল এবং ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাজির আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব জামে মসজিদের সভাপতি আহমদ আলী, নজির উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামছুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, শামিম আহমদ চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইয়াহিয়া, দক্ষিণ বাগবাড়ি পঞ্চায়েতের মোতাল্লি আজিম উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেবুল আহমেদ, ৪ নম্বর যুবদল নেতা লাহিন মিয়া, পৌর ছাত্রদল নেতা সনি, শাওন আহমেদ, রাহেল আহমেদ, শোয়েব আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শাহীন, কলেজ ছাত্রদল নেতা তুর্জ ও মাহিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় ১০ বছর বয়সী শিশু ছায়েমের কণ্ঠে বিএনপি ও ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মতবিনিময় সভা ও প্রচার মিছিলে দক্ষিণ বাগবাড়ি, লেবার পাড়া, পেপার মিল, রহমত বাগ ও ব্যাটারি গলি এলাকা থেকে শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নজির হোসেন এবং গীতা পাঠ করেন বিষ্ণু দাস।