প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম (ভিজিট : ৩৫০)

X
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, বাকেরগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুধল ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় আবুল হোসেন খান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে।বাকেরগঞ্জের মাটিতে আর কোনো সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাঁই হবে না। আমরা সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
ধর্মীয় সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বলেন, আগে হিন্দুদের দ্বারে দ্বারে অনেক ঘুরেছি, তবে ধানের শীষে ভোট পাইনি। এ বছর নৌকার প্রার্থী নেই, এবার হিন্দুদের ভোট মানেই ধানের শীষ। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, আপনাদের পাশে আমরা আছি। তিনি আগামী নির্বাচনে সকল বাধা উপেক্ষা করে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
শনিবার সকাল ১১টায় দুধল মাদ্রাসা মাঠে দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি খান মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বিএনপির নেতা অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল আহসান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদক মির্জা খাদিজা, বিএনপি নেতা মফিজুল ইসলাম স্বপন।
আরো উপস্থিত ছিলেন দুধল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান রিপন, মাহতাব উদ্দিন খান শানির, বিএনপি নেতা আব্দুল হান্নান মোল্লা, এস এম শফিউল্লাহ মাস্টার, ওবায়দুল হক বাদল গাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাহাদুর প্রমূখ। নির্বাচনি জনসভায় যোগ দেন জাতীয়তাবাদী দল বিএনপির ও সাধারণ মানুষ সহ প্রায় তিন সহস্রাধিক মানুষ।
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের ঘরোয়া রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।