
X
‘ব্রি অর্গানিক ফার্টিলাইজার’ উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার গাজীপুরের ব্রি সদর দপ্তরে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
স্মারকে ব্রির পক্ষে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং এসিআই’র পক্ষে গ্রুপ অ্যাডভাইজার ড. ফা হ আনসারী স্বাক্ষর করেন। ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, এসিআই’র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ফার্টিলাইজার) মো. বশির আহমদ।
অনুষ্ঠানে ব্র্রির মহাপরিচালক বলেন, ‘ব্র্রি অর্গানিক ফার্টিলাইজার’ উৎপাদন প্রযুক্তি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি-এর কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এসিআই পিএলসির মাধ্যমে এই সার দেশব্যাপী কৃষকদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে এবং ‘ব্র্রি অর্গানিক সার’ এর সর্বোচ্চ মান বজায় থাকবে। এই সার ধান উৎপাদনের খরচ কমিয়ে কৃষকদের আর্থিকভাবে আরও লাভবান করবে।
ব্রি’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রযুক্তি সম্পাদক ও প্রধান মো: রাশেল রানা জানান, ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ পরিবেশ বান্ধব ১০টি ব্যাকটেরিয়া, বাজারের কাঁচা শাক-সবজির অবশিষ্টাংশ, রান্নাঘরের পচনশীল বর্জ্য পদার্থ, রক ফসফেট (শতকরা ৫ ভাগ) ও বায়োচার (শতকরা ১৫ ভাগ) মিশিয়ে ব্রি-অর্গানিক ফার্টিলাইজার উদ্ভাবন করেছে।
‘ব্র্রি অর্গানিক ফার্টিলাইজার’ ব্যবহারের ফলে মাটির জৈব কার্বনের পরিমাণ বৃদ্ধি পায়, পানি ধারণক্ষমতা উন্নত হয় এবং উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায়, যা গাছের শিকড়কে আরও শক্তিশালী করে। দীর্ঘমেয়াদে এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ধান উৎপাদনে টেকসই ফলন নিশ্চিত করে। পাশাপাশি পরিবেশ দূষণ ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে ধান উৎপাদনে ইউরিয়া ও ফসফেট সারে সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়। জাতীয় পর্যায়ে ‘ব্র্রি অর্গানিক ফার্টিলাইজার’ এর ব্যবহার নিশ্চিত করা গেলে ধান চাষে ফসফেট সার সম্পূর্ণভাবে বাদ দেওয়া এবং ইউরিয়া সারের ব্যবহার প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে। এর ফলে সরকারের সার ভর্তুকি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তিনি বলেন, ব্রি ও এসিআই পিএলসি মনে করে ব্রি অর্গানিক ফার্টিলাইজার শুধু একটি বিকল্প সার নয়, এটি বাংলাদেশের ধান উৎপাদন ব্যবস্থায় অর্থনৈতিক সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। যথাযথ নীতিগত সহায়তা ও ব্যাপক প্রয়োগের মাধ্যমে এই উদ্ভাবন দেশের কৃষিখাতে একটি টেকসই রূপান্তর ঘটাতে সক্ষম হবে।