প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ১২:৩০ পিএম (ভিজিট : ২৮১)

X
নৌকায় ভোট করতে মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়িকা সিমলা
নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। এই প্রচারণায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি শোবিজ অঙ্গনের পরিচিত মুখদেরও দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপির নির্বাচনি প্রচারণায় বিভিন্ন আসনে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান ও নায়িকা সিমলা।
তবে ধানের শীষের প্রচারণায় নায়িকা শিমলার উপস্থিতি অনেককেই বিস্মিত করেছে। কারণ, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।
‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই নায়িকা তখন নিজে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যদিও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।
মনোনয়ন ফরম কেনার পর সে সময় একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করেন সিমলা। তিনি বলেন, ‘জানি কথাটা শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু এটা সত্যি। স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। কিছুদিন আগে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে।’
কিন্তু সেই সিমলাই এবার ধানের শীষের পক্ষে নির্বাচনি মাঠে নেমেছেন। বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান ও অভিনেতা শাহেদ শরীফের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন সিমলা।
প্রচারণার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় সিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন। আমাকে নিয়ে নয়-ছয় কথা বলবেন না, প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলব।’
উল্লেখ্য, চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই সিমলার উপস্থিতি খুব কম। ২০২৩ সালের শেষের দিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার মাধ্যমে তিনি আবার আলোচনায় আসেন। এরপর কিছুদিন নীরব থাকলেও এবার প্রতীক পরিবর্তন করে নির্বাচনি প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন এই নায়িকা।