প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম (ভিজিট : ৭)

X
সংগৃহীত ছবি
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবীও রয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগরের দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন সিলেট নগরের সোবহানীঘাট এলাকার সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের খোজাইফা (৪), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাউলশিল্পী পেহেলী ভৈরবী। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেটে একটি বাউল গানের অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন পেহেলী ভৈরবী।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, মোট ১৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চারজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।