প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৩০ পিএম (ভিজিট : ১৫)

X
সংগৃহীত ছবি
‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’ এর ১০ম চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারত-সিংগাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব এর অনুষ্ঠানে আবারও বিচারকের দায়িত্ব পালনে আসীন হলেন নির্মাতা নাজনীন হাসান খান।
তিনি ছাড়াও জুরি বোর্ডে বিচারক হিসেবে আরও দায়িত্ব পালন করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা ও পরিচালক শামীম জামান-সহ প্রমুখ ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে ছিলেন কানু কুমার নাথ (সিঙ্গাপুর আয়োজক প্রতিনিধি) নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন ও মো. জাহিদুল ইসলাম (দ্য ডেইলি সান)। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে নির্মাতা ও বিচারক নাজনীন হাসান খান বলেন, ‘যেখানে আমাদের চলচ্চিত্র অঙ্গন পিছিয়ে পড়ছে, সেখানে এই আয়োজনটি সত্যিকার অর্থে মরুর বুকে ফসল জন্মানোর মতো। যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে, এবং নতুন যারা চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসছে, সরকারের উচিৎ তাদেরকে আরও বেশি বেশি সুযোগ-সুবিধা দেয়া। এতে একদিকে তারা উৎসাহিত হবে, অন্যদিকে চলচ্চিত্র জগতও ফিরে পাবে তার নিজস্ব প্রাণ।’
প্রতিবছরের ন্যায় এবছরও দেশ ও দেশের বাহির থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শিত ৫টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে (দ্য পেনান্স)। উৎসবে সেরা অভিনেতা মেঘলা পিনারু (ব্যাড), সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী (মেঘের পরে মেঘ), সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী (দ্য পেনান্স), সেরা সম্পাদক নম্রতা রাও (রঙ পেন্সিল)।
আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। শ্রেণি অনুযায়ী কর্মের যোগ্যতার ভিত্তিতে নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতিবছর করে দিচ্ছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।