প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম (ভিজিট : ৫৮)

X
দিনাজপুর-৬ আসনে নিবার্চনী জনসভায় বক্তব্য রাখছেন ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেন।
দিনাজপুর-৬ আসনের বিএনপির ধানের শীষ প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না এবং সহিংসতার রাজনীতিও করে না। দল কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বা দখলদারত্বকে প্রশ্রয় দেয় না।
তিনি আরও বলেন, “আজ কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছেন-ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড নাকি শুধু দলীয় লোকদের দেওয়া হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনার পরিচয় শুধু একটাই আপনি বাংলাদেশি এবং এই এলাকার মানুষ। ধর্ম, বর্ণ, গোত্র কিংবা রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাই বিএনপির সেবা পাবেন। কারণ বিএনপি জনগণের দল, দলবাজিতে বিশ্বাস করে না।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা দলের অঙ্গীকার। “যারা আদিবাসীদের ওপর অত্যাচার বা ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, তাদের বলতে চাই আমরা নির্বাচনের স্বার্থে এখন চুপ করে আছি, কিন্তু কেউ ভাববেন না আদিবাসীরা অসহায়। তাদের পেছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবে। এছাড়া সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের ধর্মীয় কাজে কেউ বাধা দিলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইতিহাস সৃষ্টি করবে। ইনশাআল্লাহ জনগণের রায়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে জনাব তারেক রহমান এ দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন।”
জনসভায় উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।