প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ৪:০৯ পিএম (ভিজিট : ৩৯২)

X
জাতীয়তাবাদী দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে জনসভা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বরূপকাঠি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (১২৮) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান , নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সদস্য সচিব পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ফকরুল আলম, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান ,স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহীন আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ জনসভায় অংশ নেন। পুরো মাঠজুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, “এই নির্বাচন দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের শক্তিই আমাদের আসল শক্তি। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বিজয় নিশ্চিত হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে শান্তিপূর্ণভাবে মাঠে থেকে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্য বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, সুশাসন ও উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।