প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম (ভিজিট : ৫৯)

X
প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. শাকিল মৃধা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬ ফেব্রুয়ারী সোমবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার হয়। শাকিল ওই ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। তিনি ঢাকা-বাউফল-দশমিনা রুটের পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্বে ছিলেন।
স্থানীয় দফাদার মো. রফিকুল ইসলাম বলেন, রবিবার ঘর থেকে বের হয়ে শাকিল রাতে আর ঘরে ফেরেনি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবনের পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা শীতের পোষাক পরিহিত অবস্থায় লাশটি উদ্ধার করলে শাকিলের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।
শাকিলের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা বলেন, তার ভাই শাকিলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।