প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম (ভিজিট : ১৮৪)

X
বগুড়ায় পিতার ব্যবসা প্রতিষ্ঠানে কিশোর আলিফ হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাশেদ হোসেন ওরফে “ডিম পোচ” রাশেদ। তিনি বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। একপর্যায়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং ঘটনার সময় পরা পোশাক উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ বছর বয়সী আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার সকালে সাতমাথায় বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এর মধ্যেই বিকেলে ডিবি পুলিশের অভিযানে মূল আসামি গ্রেফতার হয়।