ঈদে তিন মাধ্যমে মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট

বিনোদন

ঈদ এলেই বাংলাদেশের টেলিভিশনের পর্দায় যেন এক ভিন্ন মাত্রা যোগ করেন অভিনেতা মোশাররফ করিম। সারাবছর অভিনয়ে ব্যস্ত থাকলেও

2026-02-17T15:51:53+00:00
2026-02-17T15:51:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে তিন মাধ্যমে মোশাররফ করিম
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদ এলেই বাংলাদেশের টেলিভিশনের পর্দায় যেন এক ভিন্ন মাত্রা যোগ করেন অভিনেতা মোশাররফ করিম। সারাবছর অভিনয়ে ব্যস্ত থাকলেও ঈদুল ফিতর এলে তার প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায়। আর সেই প্রত্যাশা পূরণে এবারও প্রস্তুত এই জনপ্রিয় অভিনেতা। আসন্ন রোজার ঈদ উপলক্ষে তিনি হাজির হচ্ছেন নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমা। এই তিন মাধ্যম মিলিয়েই একাধিক সৃজনশীল প্রজেক্টে দেখা যাবে তাকে। 

মোশাররফ করিমের অভিনয়জীবনের সবচেয়ে বড় শক্তি তার বৈচিত্র্য। তিনি যেমন অনায়াসে দর্শককে হাসাতে পারেন, তেমনি গভীর ট্র্যাজেডিক চরিত্রেও ডুব দিতে পারেন সমান দক্ষতায়। এই ধারাবাহিকতা বজায় রেখে ঈদের নাটক ও সিনেমাগুলোতেও তিনি রাখতে চান সেই বৈচিত্র্যের ছাপ। তাই তার উপস্থিতি মানেই দর্শকের জন্য হয়ে ওঠে বাড়তি পাওয়া।

এবারের ঈদে মোশাররফ করিমের সবচেয়ে আলোচিত মুক্তিপ্রত্যাশী কাজগুলোর মধ্যে অন্যতম সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপের ব্যানারে নির্মিত এই ছবিতে মোশাররফ করিমের সঙ্গে আছেন একাধিক তারকাশিল্পী। চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজসহ আরও অনেকে রয়েছেন এই ছবির বিভিন্ন চরিত্রে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের নামকরণ করা হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। 

গল্পের মূল সুরে রয়েছে মানুষের অনুভব, অপ্রকাশিত বেদনা আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। পরিচালক তানিম নূর মনে করেন, এটি শুধু একটি সিনেমা নয়; বরং এক ধরনের আবেগযাত্রা। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্পে থাকে নিঃশব্দ যন্ত্রণা আর গভীর মানবিকতা। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভূতিরই ভিজ্যুয়াল রূপ। দর্শক গল্পের ভেতর দিয়ে যেন এক ধরনের আধ্যাত্মিক ও মানসিক ভ্রমণে বের হবেন।

ঈদে একাধিক বাণিজ্যিক সিনেমার ভিড় থাকলেও মোশাররফ করিম এই গল্পনির্ভর ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী। তার মতে, দর্শক নির্মল বিনোদনের পাশাপাশি হৃদয়ছোঁয়া গল্পও খুঁজে পান। আর ‘বনলতা এক্সপ্রেস’ ঠিক সেটাই দিতে পারবে বলেই তার বিশ্বাস।

ব্যক্তিজীবনে সম্প্রতি এক বিশেষ অধ্যায় পার করে এসেছেন মোশাররফ করিম। স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে গত ১১ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন তিনি। আধ্যাত্মিক এই সফর তার ব্যস্ত জীবনকে কিছুক্ষণের জন্য প্রশান্তি এনে দিলেও ক্যামেরার সামনে দাঁড়াতে বেশি সময় নেননি এই অভিনেতা।

দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের পর গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করেছেন সাগর জাহানের পরিচালনায় নাটক ‘সদা সত্য বলিব’-এর শুটিং। আশরাফুল চঞ্চলের রচনায় এই নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন আইশা খান। দীর্ঘদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত তিনি। মোশাররফ করিম বলেন, ‘পুরোনো অনেক স্মৃতি ফিরে আসছে। গল্পটা খুবই সুন্দর। একজন সহজ মানুষের অকপট প্রেমের গল্প। কাজ করতে গিয়ে মনে হয়েছে পরিচালকও সন্তুষ্ট, আমিও তৃপ্ত। আশা করি দর্শক পুরোনো সেই স্বাদ আবার পাবেন।’

শুধু ‘সদা সত্য বলিব’ নয়, আর কদিন পর একই পরিচালকের আরেকটি নাটক ‘আদু ভাই’-এর শুটিংয়েও অংশ নেবেন তিনি। অর্ক মোস্তফা রচিত এ নাটকটির আবহ কিছুটা ভিন্ন। এখানে মোশাররফ করিমকে দেখা যাবে সামাজিক ব্যঙ্গ, হাস্যরস আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের গল্পে। এই নাটকেও তাঁর জুটি হিসেবে থাকছেন আইশা খান। সব মিলিয়ে ঈদুল ফিতরে মোশাররফ করিম দর্শকদের জন্য উপহার নিয়ে হাজির হচ্ছেন নানা আঙ্গিকে। 

প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ আর ছোট পর্দায় প্রায় ডজনখানেক নাটক। প্রতিটি নাটকের গল্পে রয়েছে ভিন্নতা। দর্শকদের জন্য তাই এবারের ঈদ হতে চলেছে এক ভিন্ন আয়োজনের, যেখানে মোশাররফ করিম থাকবেন নান্দনিকতার কেন্দ্রবিন্দুতে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy