প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম (ভিজিট : ২৩৮)

X
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় নিজ ঘর থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি গত প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি বাজারে আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ঐ কক্ষে ভাড়া থাকতেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তাঁর ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। বাড়ির মালিকের ছেলে কলিংস জানায়, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩ হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেছিলেন। এরপর গত কয়েকদিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় উজ্জলের গলিত মরদেহটি উদ্ধার করে। প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি একটি হত্যাকাণ্ড কি না পুলিশ খতিয়ে দেখছে।