প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম (ভিজিট : ৪১)

X
সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এবার অভিনয়ের পাশাপাশি প্রথমবার উপস্থাপক হিসেবেও দর্শকের সামনে আসছেন। এক যুগের বেশি সময় ধরে নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও এটাই তার প্রথম সঞ্চালনা। রমজান মাস উপলক্ষে বিশেষ আয়োজন ভালোবাসার সেই স্বাদ আজ বিকাল ৪টা ১৫ মিনিট থেকে চাঁদ রাত পর্যন্ত প্রচার হবে চ্যানেল আইতে।
প্রতিটি পর্বে তার আমন্ত্রণে উপস্থিত থাকছেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকা ও শিল্পী। এরই মধ্যে অংশ নিয়েছেন শরীফুল রাজ, নুসরাত ফারিয়া, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, তৌসিফ মাহবুব, সাদ সালমান নাভি ও সারিকা সাবাহসহ আরো কয়েকজন চলচ্চিত্র নির্মাতা।
সাফা কবির বলেন, ‘আমি যেমন খেতে ভালোবাসি, তেমনি রান্না করতেও ভালোবাসি। সাধারণত প্রতি রোজায় আমি কিছু নতুন ইফতারের রেসিপি তৈরি করি এবং তা ভক্তদের সঙ্গে ভাগ করি। তবে এবার আমাকে কুকিং শো হোস্ট করতে দেখবেন সবাই, যা আগে কখনো করিনি।
আমার এই শোতে বিশেষভাবে নিমন্ত্রিত অতিথিদের সঙ্গে আমি দেখা করব, তারা আমার রান্নাঘরে এসে আমার সঙ্গে রান্না করবেন। শোয়ের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল যখন আমার বাবা-মা আমার শোতে এসেছিলেন। সত্যি বলতে, সব পর্বই এত চমৎকার হয়েছে যে আমি আসলে অপেক্ষা করতে পারছিলাম না। অবশেষে আজ থেকে সবার সঙ্গে দেখা হচ্ছে ঠিক চাঁদ রাত পর্যন্ত।’
সাম্প্রতিক সময়ে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সাফা কবির। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রেহানের সঙ্গে শেষ থেকে শুরু, খায়রুল বাসারের সঙ্গে ভালোবাসার দিনকাল এবং ইয়াশ রোহানের সঙ্গে ওয়েব ফিল্ম প্রেমের ফাঁদ।