পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমরা ভোটে জেতার জন্য নির্বাচন করিনি; নির্বাচন করেছি মানুষের আমানত রক্ষা ও ইজ্জত-সম্মান সমুন্নত রাখার জন্য। জীবন বাজি রেখেই এ দায়িত্ব পালন করবো।”
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত মহিলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালক আতিকুল রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা জাহান মনি, জেলা কর্মপরিষদ সদস্য নাজমুন্নাহার, উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি হেনারা বেগম ও সহকারী সেক্রেটারি ফেরদৌসী বেগম।
ড. মাসুদ বলেন, “আমাদের শক্তি ছিল মানুষের দোয়া ও আল্লাহর দয়া। মা-বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন। অনেকেই তাদের শেষ সম্বল গহনা পর্যন্ত নির্বাচনী কাজে সহায়তার জন্য দিয়েছেন এবং নির্যাতন সহ্য করেছেন।” এ অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাড়ির দরজার কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। তবে তাদের কেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল বলে দাবি করেন তিনি।
ড. মাসুদ আরও বলেন, “আমরা নিতে নয়, দিতে এসেছি। সরকারি প্লট বা ট্যাক্সবিহীন গাড়ি নেব না। সেবক হিসেবে যে সম্মাননা পাব, তা মা-বোনদের মাঝে বিতরণ করতে চাই।”
তিনি নেতাকর্মীদের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, দোয়া করা এবং প্রয়োজনে সংশোধনের আহ্বান জানান। সমাবেশের শেষাংশে মহিলা বিভাগের ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম আরও সক্রিয় করার আহ্বান জানান।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কারও ঢাল হিসেবে ব্যবহার হবেন না। প্রকৃত সত্য তুলে ধরবেন—তা যদি আমার বিপক্ষেও যায় এবং আমার সংশোধনের কারণ হয়, তবুও।