প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৮১)

X
সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী হিমির জুটি মানেই দর্শকের কাছে আলাদা আগ্রহ। এর আগেও একাধিক নাটকে একসঙ্গে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। ঈদ উপলক্ষে আবারো এ জুটিকে দেখা যাবে বিশেষ নাটক ‘আমি বেশি গরীব’-এ। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা তাইফুর জাহান আশিক। আগামী ঈদে এটি প্রচার হবে আরটিভিতে। রাজধানীর অদূরে পুবাইলের চটের আগা লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন বাংলাদেশের প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতার সহকারী হিসেবে কাজ করেছেন তাইফুর জাহান আশিক। তার একক পরিচালনার প্রথম নাটক ছিল চঞ্চল চৌধুরী ও শায়লা সাবিকে নিয়ে ‘প্রেমের মরা’। এরপর ‘জামাই বউয়ের মাথা গরম’, ‘গ্রামের ভাইরাল বউ’, ‘অতি চালাক ফ্যামিলি, ‘বাঁইচা থাইকা লাভ কী’, ‘আমি মরি নাই’, ‘উধাও’, ‘আমার সুন্দরী বউ’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। মোশাররফ করিম ও হিমিকে নিয়ে এর আগে মাথা গরম জামাই, আমি মরি নাই, বাঁইচা থাইকা লাভ কী নাটক নির্মাণ করেছেন তিনি। নতুন নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। ক্যামেরায় ছিলেন শামসুল ইসলাম লেলিন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আশিক যখন লাভলু ভাইয়ের সহকারী হিসেবে কাজ করে, তখন থেকেই আসলে তাকে জানি আমি। তারপর আশিক যখন এককভাবে পরিচালক হিসেবে কাজ শুরু করে, তারপর থেকে এখন পর্যন্ত বেশকিছু নাটকে কাজ করা হয়েছে। চুপচাপ থেকে বেশ সচেতনতা নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। এ নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। যাদের শুকরিয়া নেই বা যারা আলহামদুল্লিাহ বলতে পারে না বা জানে না, তাদের নিয়েই গল্প। সবসময় শুধু এ দম্পতি নাই নাই করে। গরিব সেজে ফাও খাওয়ার ধান্ধা। হিমির সঙ্গে আমার বেশকিছু নাটক করা হয়েছে। অভিনয়ে বেশ সিনসিয়ার এবং ঠিকঠাকমতো অভিনয়টা করতে চায়। দর্শকও তাকে বেশ পছন্দ করে।’
হিমি বলেন, ‘এ নাটকে আমি একজন পেশাদার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি। এর আগে কোনো কোনো নাটকে একটা বা দুইটা দৃশ্যে ভিক্ষুক চরিত্রে অভিনয় করেছি। মোশাররফ ভাই সবসময়ই সব ধরনের চরিত্র বেশ সুন্দরভাবেই ফুটিয়ে তোলেন। তাকে দেখে দেখেই অভিনয়ের অনেক কিছু শেখা যায়।’
এদিকে মোশাররফ করিম এরই মধ্যে সাগর জাহানের পরিচালনায় দুটি নাটকের কাজ শেষ করেছেন।
আগামী ঈদ পর্যন্ত তিনি ঈদেও নাটকের কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। হিমিও ঠিক তাই। এরই মধ্যে নিলয় আলমগীরও দেশে এসেছেন। নিলয়ের সঙ্গেও বেশ কয়েকটি নাটকে কাজ করবেন হিমি।