গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক আলামিন (৩৫) এবং গাইবান্ধা পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে ব্যবসায়ী গৌতম (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুরমুখী একটি বেপরোয়া কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।