প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম (ভিজিট : ৮১)

X
সংগৃহীত ছবি
ঈদ মানেই বিশেষ আয়োজন। এ আয়োজনের অন্যতম আকর্ষণ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি।
বরাবরের মতো এবারো ঈদের বিশেষ পর্বে থাকছে চমক ও নান্দনিক উপস্থাপনা। দুই যুগ আগের দর্শক থেকে শুরু করে বর্তমান প্রজন্মের দর্শকের কাছেও সমান জনপ্রিয় এ অনুষ্ঠান। প্রতিটি পর্ব ইউটিউবে ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয়াই তার প্রমাণ।
নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে তুখোড় অভিনয়ের জন্য পরিচিত মোশাররফ করিমকে এবার দেখা যাবে ঈদের বিশেষ ইত্যাদিতে দর্শক পর্বের অতিথি হিসেবে। শুধু উপস্থিতিই নয়, দর্শকের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে সরাসরি অভিনয়ও করেছেন তিনি।
সাধারণ পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে থাকে ভিন্ন আয়োজন। এবারো একটি ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে বেছে নেয়া হয়। হাজার হাজার দর্শক একসঙ্গে উপকরণ উঁচিয়ে ধরলে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য।
নির্বাচিত চারজন দর্শক নিয়ে শুরু হয় বিশেষ পর্ব। সেখানে মোশাররফ করিম তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেন। অভিনয়ের সঙ্গে যুক্ত না থাকলেও নির্বাচিত দর্শকও তার সঙ্গে তাল মিলিয়ে দারুণ পারফরম্যান্স দেন। উপস্থিত দর্শক মুহুর্মুহু করতালিতে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ অভিনয়ের মধ্য দিয়ে উঠে আসে একটি চমৎকার বার্তা, যা ঘরের দর্শককেও আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।