জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।
এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও নেটিজেনদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘দুপুরে মিরপুর ডিওএইচএস এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম । খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ইকরার চাচা দিপু খান জানিয়েছেন, তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় রয়েছেন এবং খবরটি শোনার পরপরই পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভক্ত ও পরিচিতদের ভিড় বাড়ছে। মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যার কমেন্টবক্সে রীতিমতো স্তব্ধ অনুরাগীরা। সেখানে অনেকে তার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন করেছেন।
ফেসবুকে একজন মন্তব্য করেছেন, অন্তত সন্তানের জন্য হলেও যেন মৃত্যুর এই খবরটি মিথ্যা হয়।আরেকজন লিখেছেন, আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিও দেখার পর এমন সংবাদ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।