প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম (ভিজিট : ৭৭)

X
আগুনে পুড়ে ছাই ৪ ঘর
বগুড়ার সোনাতলায় মশা তাড়ানোর কয়েল থেকে লাগা আগুনে গোয়ালঘরসহ চারটি টিনসেড ঘর ও পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম অটোভ্যান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কর্পূর বাজার গ্রামের মৃত কৃষ্ট মহন্তের ছেলে শ্রী অক্ষয় মহন্ত (৭০)-এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত। গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও সংলগ্ন চারটি টিনসেড ঘরে। মুহূর্তেই ঘরের আসবাবপত্র, রেফ্রিজারেটর (ফ্রিজ) এবং পরিবারের জীবিকার একমাত্র সম্বল অটোভ্যান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে গোয়ালঘরের কাঠামোও ধ্বংস হয়।
খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকার বেশি হতে পারে বলে তারা উল্লেখ করেন।
ঘটনার পর সোনাতলা থানার দায়িত্বপ্রাপ্ত জরুরি কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। স্থানীয়রা জানান, অটোভ্যানটিই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতা না পেলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।