
সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন গুলশান মিতা
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পাবনা এবং সিরাজগঞ্জ এই দুই জেলায় নিজের প্রার্থীতা ঘোষনা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ- দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা।
শনিবার (৭ই মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রার্থীতা ঘোষনা দেন।
সংরক্ষিত মহিলা আসনে 'বিএনপি দলীয়' মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে তিনি বলেন, আমার এই আসনের পরিসর পাবনা ও সিরাজগঞ্জ জেলার জনগণের সাথে সম্পৃক্ত। রাজনীতি আমার কাছে কেবল ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দীর্ঘদিন ধরে আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কাজ করেছি এবং বিশেষ করে নারী, শিশু ও তরুণ সমাজের বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নারীদের কণ্ঠকে আরও শক্তভাবে জাতীয় সংসদে তুলে ধরব।
তরুণ সমাজের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, তরুণরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব গড়ে তুলবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে তাদের শক্তিকে দেশের উন্নয়নের কাজে যুক্ত করা হবে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী পৌর মহিলাদলের সহ-সভাপতি শিরিনা আক্তার, পৌর মহিলাদল নেত্রী ইয়াসমিন আক্তার লিমা, পৌর মহিলাদল নেত্রী আমেনা খাতুন, শহীদ আমিন উদ্দিন আইন কলেজ (পাবনা) শাখা ছাত্রদল নেত্রী ইসমাৎ জাহান ইতি প্রমূখ।