প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম (ভিজিট : ২৫৭)

X
লালমনিরহাটের কালীগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহানুর রহমান। এছাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সবাইকে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সচেতন হতে হবে এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
আলোচনা শেষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। মহড়ায় উপস্থিত সাধারণ মানুষ জরুরি মুহূর্তে কীভাবে নিজেদের ও অন্যের জীবন রক্ষা করা যায় তা সরাসরি প্রত্যক্ষ করেন।