প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:৫৩ পিএম (ভিজিট : ২৩২)

X
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী বাজারে দুধের বাজার মনিটরিং করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় বাজার তদারকির অংশ হিসেবে দুধ বাজার, গরুর গোশতের দোকান ও ফলের দোকানে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন। মনিটরিং চলাকালে দুধে ভেজাল আছে কি না তা পরীক্ষা করা হয় এবং বাজারমূল্য যাচাই করা হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি দুধ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দুধ বিক্রেতা মোবারক শেখ বলেন, অনেক সময় আমাদের ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে দুধ বিক্রি করতে হয়। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে কৃষকরা দুধ উৎপাদনে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। ক্রেতা লুৎফর বলেন, তিনি নিয়মিত ১ কেজি দুধ ক্রয় করেন।
তবে রমজান মাসে ২ কেজি ক্রয় করেন। এখানে সাধারণত ৭০ থেকে ৮০ টাকায় দুধ বিক্রি হয়। রমজান মাসে চাহিদা বেশি থাকায় বর্তমানে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। গোখাদ্য বিক্রেতা আনোয়ার হোসেন বেপাড়ী বলেন, রমজান মাস শুরুর আগেই গোখাদ্যের দাম বাড়তে থাকে এবং কোরবানির ঈদের পর তা কিছুটা কমে।
এ কারণে খামারিরাও দুধ তুলনামূলক বেশি দামে বিক্রি করেন। এ সময় মনিটরিংকালে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী আনসার ও ভিডিপি আড়িয়ল ইউনিয়ন দলনেতা অনিক শেখ, দৈনিক জনতার খবর টঙ্গীবাড়ী প্রতিনিধি হাবিবুর রহমানসহ ক্রেতা-বিক্রেতাবৃন্দ।