
X
সংগৃহীত ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়েই দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। প্রাণবন্ত অভিনয় আর স্বতন্ত্র চরিত্র বেছে নেয়ার কারণে তিনি এখন নাটকের নিয়মিত দর্শকের কাছে পরিচিত মুখ।
গত বছর একটি বিশেষ চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি। সেই জনপ্রিয় চরিত্র নিয়েই এবার ঈদে আবারো দর্শকের সামনে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। বুলবুলির কথা এত সহজে ভুলে যাওয়ার কথা নয় নাটকের নিয়মিত দর্শকের। বুলবুলি এত কথা বলে যে তাতে পদে পদে ঝামেলা ডেকে আনে। নিজের ঘর থেকে স্বামীর ঘরে গিয়েও বুলবুলি পাখির মতোই তার বেশি কথা বলার অভ্যাস কমেনি। যার অতি কথনে অতিষ্ঠ হয়ে ওঠে শ্বশুরবাড়ির সব লোক।
সেই বুলবুলি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন ছোট পর্দার বড় তারকা হয়ে ওঠা তটিনী। দর্শকের কাছ থেকে নাটকটি পেয়েছিল দারুণ সাড়া। এবার ঈদ উৎসবে ফের একই চরিত্রে হাজির হচ্ছেন অভিনেত্রী। আগের গল্পের ধারাবাহিকতা ধরে নতুন কিছু ঘটনা ও মজার পরিস্থিতি নিয়ে নির্মাণ হয়েছে এর দ্বিতীয় পর্ব।
টিম একই। সিএমভির ব্যানারে ‘বেশি বলে বুলবুলি ২’ নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।
নির্মাতা জানান, ‘প্রথম পর্বে বুলবুলির বেশি কথায় অতিষ্ঠ হয়ে ছিলেন শ্বশুরবাড়ির লোকজন। এবার সেটি সম্প্রচার হয়ে পাড়া-প্রতিবেশী হয়ে স্বামীর অফিস পর্যন্ত পৌঁছাবে। যাতে তাদের সংসারে নেমে আসবে অনাকাঙ্ক্ষিত বিপদ। এবারের পর্বটিও বেশ উপভোগ্য হবে বলে আশা করছি।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির আয়োজনের অন্যতম নাটক হিসেবে থাকছে বেশি বলে বুলবুলি ২। এটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে, ঈদ সপ্তাহের যেকোনো দিন।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তটিনী। পরবর্তীতে পা রাখেন অভিনয়ে। স্বল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে রূপ আর অভিনয় গুণে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। ছোট পর্দার তারকা অভিনেতাদের সঙ্গে জুটি বাঁধার সুযোগ মেলে। উপহার দেন ‘পথে হলো পরিচয়’, ‘সময় সব জানে’, ‘শেষ ঘুম’, ‘প্রণয়’, ‘লাস্ট নাইট’ এর মতো নাটক।
২০১৯ সালে মডেলিং শুরু করেন তটিনী। ২০২২ সালে অভিনয়ে অভিষেক ঘটে। মডেলিং থেকে অভিনয়ে পা রাখার বিষয়ে তটিনী বলেন, ‘২০১৯ সালে বিজ্ঞাপনচিত্র দিয়ে আমার ক্যারিয়ার শুরু। পরে তিন বছর বিজ্ঞাপনই বেশি করেছি। একটি বিজ্ঞাপনের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলাম। জীবনের প্রথমবার স্ক্রিন টেস্টেই নির্বাচিত হই। দুই বছর বিজ্ঞাপনে কাজ করার পর চরকির ‘এই মুহূর্তে’ চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু করি।”
তটিনী অভিনীত প্রথম টিভি নাটক ‘শারদা প্রাতে’। পূজা উপলক্ষে এ নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেন এফ এস নাঈম। ২০২২ সালে নাটকটি এনটিভিতে প্রচার হয়। তবে মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘সুহাসিনী’ নাটক তাকে পরিচিতি এনে দেয়।